প্রচ্ছদ > জাতীয় >

৩৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আরেকটি জাহাজ

article-img

মালয়েশিয়া থেকে ৩৪ হাজার ৪৩ মেট্রিক টন ডিজেল নিয়ে ‘শান গ্যাং ফা জিয়ান’ নামের একটি ট্যাঙ্কার জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়েছে।  রোববার (৫ এপ্রিল) দুপুর ১টার দিকে চীনের পতাকাবাহী জাহাজটি পতেঙ্গার ৬ নম্বর ডলফিন জেটিতে পৌঁছায়। 

একইদিন ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে সিঙ্গাপুর থেকে আসা আরেকটি জাহাজ ডলফিন জেটি ত্যাগ করেছে। 

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করেছে।

তিনি জানান, ১৮৪ দশমিক ৯৫ মিটার দীর্ঘ ‘শান গ্যাং ফা জিয়ান’ নামের জাহাজটি গত শুক্রবার রাত ১০টার দিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছে। তবে জাহাজটির ড্রাফট ১০ মিটারের বেশি হওয়ায় সরাসরি কর্ণফুলী নদীর বন্দর জেটিতে ভেড়ানো সম্ভব হয়নি। নিয়ম অনুযায়ী ড্রাফট কমাতে ৪টি ছোট ট্যাঙ্কারে লাইটারিং করে সাত হাজার ৭২৭ টন ডিজেল খালাস করা হয়। পরে শক্তিশালী টাগবোটের সহায়তায় রোববার জাহাজটি পতেঙ্গার ৬ নম্বর ডলফিন জেটিতে ভেড়ানো হয়।

সৈয়দ রেফায়েত আরও জানান, দেশের চলমান জ্বালানি সংকট নিরসনে তেল ও গ্যাসবাহী জাহাজগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং দেওয়া হচ্ছে। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বিকল্প উৎস হিসেবে মালয়েশিয়া থেকে ডিজেল আমদানি জোরদার করেছে বাংলাদেশ।

‘শান গ্যাং ফা জিয়ান’ জাহাজের স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইন্সের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম বলেন, জাহাজটি ৩৪ হাজার ৪৩ মেট্রিক টন ডিজেল নিয়ে এসেছে। ড্রাফট কমানোর জন্য চার ট্রিপ লাইটারিং করা হয়েছে। জাহাজে থাকা বাকি ডিজেল আগামী দুদিনের মধ্যে খালাস সম্পন্ন হওয়ার কথা রয়েছে।